বঙ্গবন্ধু স্যাটেলাইটের দ্বিতীয় বার্ষিকী: শিগগিরই আরও পরিষেবা

আপডেট : ১২ মে ২০২০, ০৯:০২ এএম

বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ (বিএস-১) উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী আজ। যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ২০১৮ সালের ১২ মে কক্ষপথের উদ্দেশে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

স্যাটেলাইটটি কেবল দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকেই সম্প্রচার সুবিধা দিচ্ছে না, পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র সম্প্রচার সুবিধা এপ্রিল থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে পৌঁছে দিচ্ছে।

কভিড-১৯ মহামারীর এই অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে এবার দিবসটি তেমন ঘটা করে পালিত হচ্ছে না— বাসসকে এ কথা বলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

তিনি বলেন, “যদিও আমরা দিবসটি উদযাপন করছি না, তবে বিসিএসসিএল টিভি সম্প্রচার শিল্পের উন্নতির জন্য কিছু বিষয় নিয়ে কাজ করছে।”

এ সম্পর্কে জানান, ২/৩ মাসের মধ্যে দেশের সবগুলো ক্যাবল অপারেটরকে তাদের সব গ্রাহকের কাছে সেট টপ বক্স (এসটিবি) বিতরণ বাধ্যতামূলক করা হবে।

ড. মাহমুদ জানান, বিসিএসসিএলের ভবিষ্যত পরিকল্পনায় আরও রয়েছে- তারা দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য পরামর্শক নিয়োগ করেছেন।

তিনি বলেন, গত ১০ এপ্রিল, থাই উপগ্রহ সিরিজ থাইকোম-৬ এর সহযোগিতায় বিএস-১ বিটিভির উপগ্রহ ভিত্তিক শাখা বিটিভি ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে।

বিসিএসসিএল চেয়ারম্যান বলেন, “প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক। বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের ফলাফলের ভিত্তিতে আমরা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের জন্য দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল চালুর প্রক্রিয়া শুরু করব।”

তিনি জানান, দেশের সব টিভি চ্যানেল এখন বিএস-১ পরিষেবার মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া, দেশে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে সবগুলো ব্যাংকের এটিএ-এর মধ্যে সংযোগ স্থাপনের জন্যও বিএস-১ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত