তিন মন্ত্রীর সুপারিশে নিয়ম ভেঙে প্রকৌশলীকে নিজ জেলায় পদায়ন

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

নিজ মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে এলজিইডির এক নির্বাহী প্রকৌশলীকে তার নিজ জেলা টাঙ্গাইলে পদায়ন করা হয়েছে। এই বদলির পেছনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং টাঙ্গাইলের আরেক মন্ত্রীর সুপারিশ ছিল বলে জানিয়েছে এলজিইডি।

মাত্র দুই সপ্তাহ আগে, ২ জুলাই, স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, এলজিইডির কোনো কর্মকর্তাকে তার নিজ জেলা বা স্বামী-স্ত্রীর নিজ জেলায় পদায়ন করা যাবে না। প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা, স্বার্থের সংঘাত এড়ানো এবং স্থানীয় প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালনের সুযোগ তৈরির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু ১৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) জাহানারা পারভীনকে টাঙ্গাইলে বদলি করা হয়। সরকারি নথি ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার এবং তার স্বামী শামছুল বারীর-দুজনেরই স্থায়ী ঠিকানা টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। ফলে তিনি একই সঙ্গে নিজের এবং স্বামীর নিজ জেলায় পদায়ন পান, যা সদ্য জারি করা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন বলেন, এলজিআরডি মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং টাঙ্গাইলের আরেক পূর্ণমন্ত্রীর সুপারিশেই এ বদলি করা হয়েছে। তিনি বলেন, আমি শুধু নির্দেশনা বাস্তবায়ন করেছি। টাঙ্গাইলের দুই মন্ত্রী এলজিআরডি মন্ত্রীকে বিষয়টি বুঝিয়েছেন।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ে একজন নারী নির্বাহী প্রকৌশলী দায়িত্ব পালন করুন-এমন আগ্রহ থেকেই জাহানারা পারভীনের নাম বিবেচনায় আসে। তার দাবি, বর্তমানে মাঠপর্যায়ে কোনো নারী নির্বাহী প্রকৌশলী নেই।

নীতিমালা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে বেলাল হোসেন বলেন, সাধারণভাবে নিজ জেলায় পদায়ন না দেওয়ার নীতি থাকলেও একাধিক মন্ত্রীর সুপারিশ থাকায় এ ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, জাহানারা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত