ভার্চুয়াল কোর্টের প্রথম আদেশ ডলফিন রক্ষায় পদক্ষেপ গ্রহণ নিয়ে

আপডেট : ১২ মে ২০২০, ০৩:৪৩ পিএম

চট্টগ্রামের হালদা নদীর ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইলের মাধ্যমে হাইকোর্টকে জানাতে বলা হয়েছে।

হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত বেঞ্চ।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, প্রযুক্তির মাধ্যমে আদালতের কার্যক্রম শুরুর পর প্রথম আদেশ আসলো উচ্চ আদালত থেকে।

রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন। সোমবার তিনি নিজেই আবেদনটি করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সমরেন্দ্র নাথ বিশ্বাস।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লকডাউন আর শাটডাউন পৃথিবীর নানা অংশের বন্যপ্রাণী ও নদী-সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের জন্য আশীর্বাদ হয়ে এলেও মানুষের নিষ্ঠুরতা থেকে মুক্তি পাচ্ছে না ডলফিন। অবৈধ জালের শিকার হচ্ছে মা মাছও।

গত শনিবার হালদা থেকে উদ্ধার করা হয়েছে ইঞ্জিন বোটের আঘাতে রক্তাক্ত হওয়া ১৩ কেজি ওজনের একটি মা মাছ। গাঙ্গেয় এ ডলফিন দক্ষিণ এশিয়ার নদীগুলোতে একটি বিপন্ন প্রজাতি।

প্রকৃতি সংরক্ষণের জোট ‘আইইউসিএন’ ডলফিনের এ প্রজাতিকে মহাবিপন্ন হিসেবে ২০১২ সালে লাল ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে।

এছাড়া গত শুক্রবার সকালে রাউজানের উরকিরচর ইউনিয়নে হালদা সংলগ্ন এলাকায় একটি ডলফিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ডলফিনের চর্বি থেকে তৈরি তেল নারীদের রোগমুক্তি ঘটে এমন কুসংস্কারে এ ডলফিনকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের অভিমত।

প্রতিবেদনটি যুক্ত করে এ রিট আবেদনটি করা হয়। এতে মৎস্য ও পশুসম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত