বলিউড নায়ক অজয় দেবগণের মতো স্টান্ট করতে গিয়ে বিপাকে পড়লেন ভারতের পুলিশ কর্মকর্তা। স্টান্টের জেরে অনলাইনে অল্প কিছু বাহবা কুড়ালেও পাশাপাশি গুনতে হচ্ছে জরিমানা।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি মধ্যপ্রদেশের নরসিংগড় থানার পুলিশ কর্মকর্তা মনোজ যাদব অজয়ের সিনেমা ‘ফুল আউর কাঁটে’র মতো করে স্টান্টবাজি দেখান। এরপরই ওই স্টান্টের ভিডিও ভাইরাল হয়ে যায়।
সেখানে দেখা যায়, অজয়ের মতো করে দুটি গাড়ি চালিয়ে, তার মাঝে দাঁড়িয়ে এগিয়ে আসতে শুরু করেন মনোজ যাদব। তার স্টান্টের সঙ্গে রোহিত শেটির সিনেমা সিম্বা ও গোলমাল রিটার্নসের মিল পাওয়া যায়। তবে ‘ফুল অউর কাঁটে’তে একই ধরনের স্টান্ট অজয় দেখান, তবে তা বাইকের সঙ্গে।
মনোজ যাদবের ওই ভিডিও প্রকাশ্যে আসার পর যেমন ভাইরাল হয়, তেমনি তাকে জরিমানা গুনতে হয় ৫ হাজার রুপির। ওই স্টান্ট সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে বলেও অনেকে মন্তব্য করেন।
পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের স্টান্ট কেউ না দেখায়, সে বিষয়ে প্রশাসনের তরফে সচেতন করা হচ্ছে।
