ফখরুলকে বাসায় ডেকে নিয়ে কথা বললেন খালেদা জিয়া

আপডেট : ১২ মে ২০২০, ০৫:২৯ পিএম

কারাবন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ার ৪৮ দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় ডেকে নিয়ে কথা বলেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ফিরোজায় প্রবেশের সোয়া এক ঘণ্টা পর বিএনপি মহাসচিব সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে করে চলে যান বলে নিরাপত্তা কর্মীরা জানান।

তবে খালেদার জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলছেন না মির্জা ফখরুল।

চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, ম্যাডাম ডেকে ছিলেন মহাসচিবকে। সোমবার রাতে তিনি দেখা করেছেন।

কারামুক্তির পর বিএনপির স্থায়ী কমিটির আর কোনো সদস্যের সঙ্গে দলের চেয়ারপারসনের একান্ত সাক্ষাৎ হয়নি।

গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার । মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন।

ফিরোজার ফটকের নিরাপত্তা কর্মীরা জানান, বাসায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত। শুধুমাত্র চিকিৎসক টিমের সদস্য এবং কয়েকজন নিকটাত্মীয়ের প্রবেশাধিকার রয়েছে।

এ বিষয়ে জানতে ফোন করা হলে ফোন ধরেননি মির্জা ফখরুল। ধারণা করা হচ্ছে, বিএনপি প্রধান করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবকালে দলের ত্রাণ তৎপরতা সম্পর্কে জানতে চেয়েছেন মহাসচিবের কাছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত