নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় জার্মানিকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। একই সঙ্গে দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৮১ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জন আক্রান্ত হয়েছেন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৫০৮ জন।
কভিড-১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ব্রাজিলে এই প্রথম সাড়ে আটশ’র বেশি মানুষ মারা গেলেন।
এমন পরিস্থিতির ভেতর দেশটির প্রেসিডেন্ট লকডাউনের নীতিমালা শিথিল করতে উঠেপড়ে লেগেছেন। তবে ১০টি অঙ্গরাজ্য তার নির্দেশ অনুযায়ী কাজ না করার কথা জানিয়েছে।
মৃতের সংখ্যায় ৩ দিন আগে ১০ হাজার ছাড়ানো ব্রাজিলে এখন পর্যন্ত ১২ হাজার ৪৬১ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র যথারীতি শীর্ষে। দেশটিতে ৮২ হাজার ৩৩৯ জন মারা যাওয়ার পাশাপাশি ১৩ লাখ ৬৯ হাজার ৩৮৬ জন আক্রান্ত হয়েছেন।
ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। দেশটিতে মারা গেছেন ২ হাজার ১১৬ জন।
নতুন এই রোগটিতে গোটা পৃথিবীতে ৪২ লাখ ৫৯ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৮৪৩ জন।
