যৌতুকের দাবিতে স্ত্রীকে গরম রডে পুড়িয়ে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২০, ০৮:৫৮ এএম

সাতক্ষীরার ভোমরায় শ্বশুরবাড়ির জমি বিক্রির টাকা যৌতুক হিসেবে হাতিয়ে নিতে স্ত্রীকে গরম রড দিয়ে পুড়িয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতিতা গৃহবধূ বিলকিস খাতুন (২২) জানান, সম্প্রতি তার বাবার বাড়ির বিক্রি হওয়া জামির টাকাসহ যৌতুকের জন্য ধারাবাহিক নির্যাতনের অংশ হিসেবে সর্বশেষ অচেতন করে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়েসহ গোপন স্থানে নৃশংসতা চালায় তার স্বামী শহীদুল ইসলাম গাজী।

পরে পার্শ্ববর্তী বাবার বাড়ির লোকজন এসে বিলকিসকে উদ্ধার করেন।

নির্মম ঘটনাটি সাংবাদিক ও পুলিশকে জানানোর পর মঙ্গলবার রাতেই নির্যাতনকারী স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহউদ্দিন বলেন, বিষয়টি জানার পরপরই থানা এজাহার গ্রহণ করে সংক্ষিপ্ত সময়ে তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক নির্যাতনকারী শহিদুল ও তার ছেলের বৌ কুলসুমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, ধৃতরা বিভৎস এ নির্যাতনের বিষয়টি স্বীকার করেছে। এছাড়া শহিদুল একজন বহুবিবাহকারী ব্যক্তি। আটক হওয়া কুলসুম তার প্রথম স্ত্রীর পুত্রবধূ। নির্যাতিতা গৃহবধূ বিলকিস শহিদুলের তৃতীয় স্ত্রী।

পুলিশ জানায়, দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বেলা ১২টায় শহিদুল ও কুলসুমকে জেলহাজতে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত