সতর্ক করার পরও করোনা নিয়ে ফেইসবুকে ‘অপপ্রচার’, কলেজ শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২০, ০৯:৫৬ পিএম

করোনা ভাইরাস নিয়ে নিজের ফেইসবুক ওয়ালে বিতর্কিত ষ্ট্যাটাস দেয়ায় লালমনিরহাটের পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ বাদী হয়ে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় রাতেই ওই শিক্ষককে পাটগ্রাম পৌর শহরের মির্জারকোর্ট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ মে শফিকুল ইসলাম তার নিজের ফেইসবুকের ওয়ালে করোনা ভাইরাস নিয়ে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ওপেন চ্যালেঞ্জ টু এভরিবডি কোলাকুলি করা, মোসাফা করা থেকে দুরে থাকা, তিন ফুট দূরত্বে অর্থাৎ অসামাজিক দূরত্ব বজায় রেখে চলা, এ সমস্ত কথা কোরআন, ইসলাম ও ঈমান আমলের উপর বড় আঘাত হেনেছে। ঘনঘন স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার, জরুরি প্রয়োজন ছাড়া বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ভাইরাস প্রতিরোধে এই সমস্ত কথা ৯৯.৫০% ভুয়া। এ্যানি বডি ওফ বাংলাদেশ এ সমস্ত কথা সত্য প্রমাণিত করতে পারলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেব, সত্য প্রমাণ করতে ব্যর্থ হলে সে দুই লাখ ক্ষতি পূরণ দেবে ও সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। কেমিস্ট মো. শরিফুল ইসলাম। মোবাইল-০১৭৪৪৪-৫৪৪৬৬, ০১৩১৫-১২৭৬৬৬/ আইডি নং ৫২২৭০০৮৮৩৯২০।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মোহন্ত মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের প্রচলিত আইনকে অস্বীকার ও করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতে স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছিলেন শিক্ষক শরিফুল। তাকে সতর্ক করার পরও তিনি উল্টো চ্যালেঞ্জ করে বাজি ধরে ফের ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে অধিকতর তদন্ত শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রেকর্ড করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করার কথা।                 

পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহ নূর উন নবী কামাল বলেন, কেউ যদি ব্যক্তিগতভাবে কোন অপরাধ করে থাকে তার দায় প্রতিষ্ঠান কোনোভাবেই নিতে পারে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত