গাজীপুরে শতভাগ বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক এলাকায় রেডিসন গার্মেন্টস লি., প্যাট্রিয়ট ইকো এপারেল লিমিটেডসহ বিভিন্ন পোশাক কারখানার হাজার হাজার পোশাক শ্রমিক বিক্ষোভ করছে।
সকাল সাড়ে ৮টার দিকে তারা টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-কালীগঞ্জ সড়ক অবরোধ সৃষ্টি করে রাখে। ঘটনাস্থলে গাজীপুরের শিল্প পুলিশ ও টঙ্গী থানার পুলিশ পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্ট করছে।
শ্রমিকদের মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-ময়সনসিংহ মহাসড়কে উভয় দিকে পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, আজ সকাল ৮টা থেকে গাজীপুরের টঙ্গীতে শিল্পনগরী বিসিক এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাস পূর্ণ বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
শ্রমিকরা প্রথমে বিসিক এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের মার্চ এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি বলে জানান শ্রমিকরা।
আজ ঈদ বোনাস শতভাগ বেতনের দাবিতে ফের শ্রমিকরা বিক্ষোভ করছে। শ্রমিকদের বকেয়া বেতন ঈদ বোনাস এবং পূর্ণ বেতন দিতে রাজি হচ্ছে না কারখানা কর্তৃপক্ষ।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং শ্রমিকরা কয়েক দফায় কারখানা কর্তৃপক্ষের সাথে মিটিং করেছে তারপরও শ্রমিকদের বেতনের কোনো সমাধান হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে যে সকল কারখানায় শ্রমিকরা কাজ করতে পারেনি শ্রম আইন অনুযায়ী তাদের বেতনের ৬০ শতাংশ প্রদানের সিদ্ধান্ত দেয়া হয়। শ্রমিকরা শতভাগ বেতন, ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্ট চলছে।
