দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। কিছু জায়গায় বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া অফিস শুক্রবার জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
খুলনা বিভাগসহ মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
