করোনা থেকে সেরে ওঠার গল্প শোনালেন সাংবাদিক অপু

আপডেট : ১৫ মে ২০২০, ০৯:১০ পিএম

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেরে ওঠাদের একজন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক আশিকুর রহমান অপু। 

তিনি ভাইরাসটিকে হারিয়ে সেরে ওঠাদের একজন হতে পারায় নিজেকে শুধু একজন ভাগ্যবানই মনে করছেন না,  আক্রান্ত অন্যরা কীভাবে ঘরে থেকেই চিকিৎসা নেবেন এবং সেরে ওঠার পুরো প্রক্রিয়াটি কীভাবে চালবেন তা নিয়েও উৎসাহ দিয়ে যাচ্ছেন তিনি।

তিনি জানান, ‘কখনও মনোবল হারাবেন না- এটাই প্রথম জিনিস। শান্ত থাকুন, হতবিহ্বল হয়ে যাবেন না। সাহস রাখুন এবং চিকিৎসকের পরামর্শ কঠোরভাবে অনুসরণ করুন। অন্য বড় কোনো শারীরিক জটিলতা না থাকলে আপনার পক্ষে অবশ্যই করোনাভাইরাসকে পরাস্ত করার সম্ভাবনা রয়েছে।’

বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অপু ভারত থেকে দেশে ফিরে কোভিড-১৯ এর কোনো ধরনের লক্ষণ ছাড়াই ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন পালন করেন। এর কিছু দিন পরে তীব্র জ্বর, কাশি এবং শরীরে ব্যথা শুরু হলে তিনি কিছুটা অস্বস্তিতে পড়ে যান। 

৮ এপ্রিল থেকে তরুণ এ প্রতিবেদক প্রচণ্ড জ্বরে ভুগতে শুরু করেন এবং ১০ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরীক্ষা শেষে ১১ এপ্রিল পাওয়া প্রতিবেদনে তার করোনাভাইরাস ধরা পড়ে।

তিনি জানান, ‘আমি একজন অধূমপায়ী। আমার শ্বাসকষ্টের কোনো সমস্যা ছিল না। এটা আমার অনেক ইতিবাচক একটি বিষয় ছিল। চিকিৎসকরা আমাকে বাড়িতে থেকেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন’।

এপ্রিল মাসের শেষে দিকে পরপর দুটি পরীক্ষায় তার করোনোভাইরাস উপস্থিতির নেতিবাচক ফল আসে। যা তাকে বড় স্বস্তি এনে দেয়।
সেরে ওঠার পুরো সময়টায় অপুর সঙ্গে ডা. সাকলাইন রাসেল এবং তার এক চিকিৎসক বন্ধু সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বলে তিনি জানান।

ওষুধ খাওয়া থেকে শুরু করে চিকিৎসকদের দেয়া রামর্শগুলো কঠোরভাবে অনুসরণ করেন অপু।

মানসিকভাবে দৃঢ় থাকতে তার অফিস এবং অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সহকর্মীরা তাকে উৎসাহ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থার অবনতি হলে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিও নেয়া হয়েছিল। কিন্তু যেহেতু আমার শ্বাসকষ্টের কোনো সমস্যা ছিল না তাই আমাকে হাসপাতালে নেয়ার দরকার পড়েনি।’

পুরো সময়টা জুড়ে অপু ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে এ দুজন চিকিৎসকের সঙ্গে যুক্ত ছিলেন। তার স্ত্রীও ফোনে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতেন।

এ সাংবাদিক বলেন, ‘বিশ্বাস করুন, চিকিৎসা চলার সময়ে আমি প্রচুর পরিমাণে খেয়েছি। প্রতিদিন নিয়ম করে আমি এক গ্লাস দুধ পান করেছি, যা আমি গত ২০ বছর ধরে এড়িয়ে যাচ্ছিলাম।’

অপু বলেন, আমি ঘন ঘন হালকা গরম পানি পান করেছি এবং গলা শুকিয়ে যাওয়ার কোনো সুযোগই দেইনি কোনোভাবেই গলা শুকিয়ে যেতে দেয়া উচিত হবে না।

তিনি দিনে দুবার লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করতেন, যা তাকে অনেক আরাম দিত।

সাংবাদিক অপু বলেন, ‘আমি নিয়মিত গরম গরম চিকেন ও ভেজিটেবল স্যুপ খেয়েছি। এবং তা অবশ্যই ঘরেই তৈরি। আমি সেদ্ধ ডিম ও হালকা গরম পানিতে লেবু দিয়ে পান করতাম। প্রতিদিন একটি করে মাল্টা খেতাম, যা এ সময় খুবই উপকারী। এ ছাড়া ভাত, রুটি এবং অন্যান্য খাবার খাওয়ার পাশাপাশি পেয়ারা এবং আপেল খেয়েছি।’

আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পরে, শুরু থেকেই অপু নিজেকে বাথরুম ও বারান্দা সংযুক্ত একটি কক্ষের মধ্যে চলাচল সীমিত করে ফেলেন।
তিনি বলেন, ‘আমি কখনই আমার কক্ষ থেকে বের হইনি। আমার স্ত্রী আমার কক্ষের দরজার সামনে একটি নির্দিষ্ট জায়গায় সময় সময় যা কিছু খেতে চাইতাম তা রেখে দিতেন।’

অপু তার ব্যবহারের সবকিছু- গ্লাস, প্লেট এবং ফ্লাক্স- আলাদা করে রেখেছিলেন।

অপু বলেন, ‘আমাকে খাবার পরিবেশনের আগে আমার স্ত্রী মাস্ক ব্যবহার করছেন কি না সে বিষয়টি নিশ্চিত করেছিলাম। আমি তাকে নিরাপদ রাখতে চেয়েছিলাম। খাবার দেওয়া ও নেয়ার সময় আমরা একে অপরের সংস্পর্শে আসিনি এবং প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতাম।’

শুরুর দিকে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা অপুর জন্য খাবার কিনে পাঠাতেন এবং তিনি নিজেও অনলাইন থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতেন।

তিনি বলেন, ‘অনলাইনে কেনা ফল, দুধের প্যাকেট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী খাওয়ার আগে লবণ পানিতে ভালোভাবে ধুয়ে নেয়া নিশ্চিত করতাম।’ 

শারীরিকভাবে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অপু বলেন, আমি প্রতিদিন নিয়ম করে কিছু সময় হালকা অনুশীলন করার সর্বাত্মক চেষ্টা করতাম।

করোনাভাইরাসে সংক্রমিত না হলেও সবাইকে স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দিয়ে অপু বলেন, আপনি শারীরিকভাবে দুর্বল বোধ করলেও ব্যায়াম করা উচিত। এ সময় আমি বিভিন্ন ধরনের শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও করেছি।

এখন পুরোপুরি ফিট বোধ করায় এ প্রতিবেদক শনিবার তার অফিসিয়াল কাজ আবার শুরু করতে যাচ্ছেন।

ইউএনবি থেকে নেয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত