বকেয়া বেতন দাবি পোশাকশ্রমিকদের বিক্ষোভে জলকামান পুলিশের

আপডেট : ১৭ মে ২০২০, ০৪:১১ এএম

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকালে ম্যাগপাই গ্রুপের শ্রমিকরা বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ করে।

শ্রমিক বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা-১ শিল্পপুলিশের এএসপি জানে আলম খান জানান, খবর পেয়ে প্রথমে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানানো হয়। কিন্তু তারা আন্দোলনে অনড় থাকে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। কারখানা কর্র্তৃপক্ষ রবিবার বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে গতকাল সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে আগামী ২০ মের মধ্যে ঈদ বোনাস, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও করোনা আক্রান্ত শ্রমিকদের সুচিকিৎসার দাবি জানিয়ে মানববন্ধন করেন সাভার-আশুলিয়ার ২৫টি শ্রমিক সংগঠনের নেতারা।

তারা শ্রমিকদের বেতন ৬৫ শতাংশ হওয়ায় শিল্প এলাকার সব বাড়ির ভাড়া ৪০ শতাংশ কমিয়ে রাখার জন্য বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানান। সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বাড়িওয়ালাÑ ত্রিপক্ষীয় সিদ্ধান্তে বাড়িভাড়া ৪০ শতাংশ মওকুফের যে সিদ্ধান্ত হয়েছে সেটি বাস্তবায়নের দাবিও জানান শ্রমিকরা নেতারা। মানববন্ধনে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত