সরকারের উদাসীনতায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রথম দিকে সরকারের এমপি-মন্ত্রী এ ভাইরাসের ব্যাপারে কোনো গুরুত্বই দেননি। এটা তাদের ভুল হয়েছে। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে আড়াই হাজার কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, করোনা প্রতিরোধে আমাদের সক্ষমতার অভাব রয়েছে। কারণ পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত কিট ও সরঞ্জাম নেই, আইসোলেশন ও রোগীর প্রয়োজন মতো বেডের ব্যবস্থা নেই। তাই সরকারের উচিত এই মহামারীতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নেওয়া। এছাড়া তিনি সরকারি ত্রাণ বিতরণের বিষয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ত্রাণ বিতরণের সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরাফত হোসেন, মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, স্থানীয় বিএনপি নেতা শেখ মোহাম্মদ আলেক, যুবদল নেতা জসিমউদ্দিন ভাট প্রমুখ উপস্থিত ছিলেন।
