ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টায় উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবু ওই গ্রামের গৌরি হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের (৩২) বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জেরে রবিবার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে বাবুর উপর হামলা চালায়।
এ সময় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছপরামপুর থানা পুলিশের ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, সুজনের সঙ্গে ব্যক্তিগত বিরোধেই বাবু খুন হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত সুজন ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
