বেতন মওকুফ ও অনলাইনে ক্লাস-পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

আপডেট : ১৭ মে ২০২০, ০৪:০৯ পিএম

করোনাভাইরাস সংক্রমণজনিত সাধারণ ছুটিতে সারা দেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং অনলাইনভিত্তিক ক্লাস-ভর্তি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রবিবার দুপুরে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন এই দাবি জানান।

খোকন বলেন, “প্রায় ‍দুই মাসের অধিক সময় ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই সময়ে শিক্ষর্থীদের বেতন দেওয়া অভিভাককদের জন্য অত্যন্ত কষ্টকর। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বেতন মওকুফ করে দিলে তা হবে মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

আরও বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি এই মুহূর্তে অনলাইনভিত্তিক ক্লাস, ভর্তি পরীক্ষা ও ক্লাস পরীক্ষা স্থগিত করতে হবে।”

একইসঙ্গে করোনা পরিস্থতিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে শিক্ষক-কর্মচারিদের বেতন-ভাতা প্রদানের দাবি জানান।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল লিখিত বক্তব্যে পাঠ করেন।

তিনি বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সংগ্রাম করে আসছে। লকডাউনের কারণে স্থবির হয়ে আছে অর্থনীতি। এই সময়ে শিক্ষার্থীদের বেতন দেওয়া তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টকর।”

শ্যামল বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ভর্তি, ক্লাস, পরীক্ষা অব্যাহত আছে। আপনারা জানেন অনেক জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো থাকে না। অনেক গ্রামের বাড়িতে চলে গেছে। এই অবস্থায় তাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালানো অসম্ভব। আমরা মনে করি, এমতাবস্থায় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ব্যবসায়িক মনোভাবেরই বহিঃপ্রকাশ। তা ছাড়া অনেক শিক্ষার্থী টিউশনি করে শিক্ষাব্যয় নির্বাহ করে সেটাও করোনা মহামারীর কারণে সম্ভব হচ্ছে না। ইন্টারনেটের উচ্চমূল্য, মূল্যবান ডিভাইস কেনাও অনেক শিক্ষার্থীর পক্ষে অসম্ভব। এরপরও অনেক স্থানে নিয়মিত বিদ্যুৎ সরবারহ না থাকার কারণে অনলাইনভিত্তিক পড়াশোনা কোনোভাবেই সম্ভব নয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের  সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শরীফ, সাংগঠনিক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত