ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরা ওঠা এক সাংবাদিকের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে।
শনিবার দুপুরে এটিএন নিউজের সাংবাদিক আশিকুর রহমানের কাছ থেকে এই প্লাজমা সংগ্রহ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান প্রফেসর ডাক্তার এম এ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে হাসপাতালের নতুন ভবনের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে করোনাজয়ী আশিকের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। তার শরীর থেকে ৪শ এমএল প্লাজমা সংগ্রহ করা হয়।
তিনি বলেন, আজকে শুধু একজনের শরীর থেকেই প্লাজমা নেওয়া হয়। আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলমান থাকবে। করোনাজয়ী যে কেউ প্রতিদিনই আসলেই পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরা ওঠা ব্যক্তি থেকে প্লাজমা সংগ্রহের কার্যক্রম শুরু হয় শনিবার।
প্রাথমিকভাবে এই হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ জন গুরুতর অসুস্থ করোনা রোগীর ওপর আশা জাগানিয়া ‘প্লাজমা থেরাপি’ প্রয়োগ করা হবে। ‘প্লাজমা থেরাপি’ প্রয়োগের বৈজ্ঞানিক গবেষণার (ক্লিনিক্যাল ট্রায়াল) কাজটি আগামী জুন মাসে শেষ হতে পারে।
