রিজেন্ট হাসপাতাল চিকিৎসকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে: ড্যাব

আপডেট : ১৭ মে ২০২০, ০৯:৪০ পিএম

রাজধানীর মিরপুরে অবস্থিত রিজেন্ট হাসপাতাল চিকিৎসকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে বলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক অভিযোগে জানিয়েছে।

রোববার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল মিরপুর শাখায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে। সরকার নির্ধারিত বিধি মোতাবেক ন্যুনতম সুযোগ-সুবিধা (আবাসন ও খাবার) নিশ্চিত না করে ক্লিনিক ম্যানেজার অসৌজন্যমূলক আচরণ করেছে। রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাখ্যা প্রদান করেছে, কিন্তু তাতে তারা নিজেদের দোষ স্বীকার করার পরিবর্তে উদোড় পিন্ডি বুধোড় ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে এবং অনেক বিষয়ে নীরবে থেকেছে যা কাম্য নয়। 

অবিলম্বে রিজেন্ট হাসপাতালের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানায় ড্যাব নেতৃবৃন্দ।

তারা বলেন, অস্থায়ী ভিত্তিতে সরকার অনুমোদিত বেসরকারি কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে সমন্বয়হীনতা প্রকট। মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টাও সম্মুখ যোদ্ধাদের উৎসাহিত করা খুবই জরুরী। কিন্তু অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতার পাশাপাশি হতাশাজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে যা উদ্বেগজনক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত