সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন পুলিশের আরো ৪৬ সদস্য

আপডেট : ১৭ মে ২০২০, ১১:০২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের আরো ৪৬ সদস্য সুস্থ হয়েছেন। রবিবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন তারা। করোনাভাইরাস (কভিড-১৯) পজেটিভ হওয়ায় বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন তারা। 

এ নিয়ে করোনা আক্রান্ত দুই শতাধিক পুলিশ সদস্য সুস্থ হলেন। আর মারা গেছেন পুলিশের আট সদস্য। 

রবিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী ৪৬ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। কোভিড-১৯ মুক্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনাক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে 'বিশেষ টিম'।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত