শুধু ঈশ্বরই পারেন আমাদের বন্ধুত্ব ফিরিয়ে দিতে: বলেছিলেন সালমান

আপডেট : ১৮ মে ২০২০, ০১:২৭ পিএম

এক সময় সালমান খান বলেছিলেন, শুধু ঈশ্বরই পারেন শাহরুখের সঙ্গে বন্ধুত্ব ফিরিয়ে দিতে। কিন্তু তেমনটা ঘটছে না।

বলিউডের দুই খান সালমান ও শাহরুখের বন্ধুত্বে রয়েছে নানান উত্থান-পতন। এমনও পর্যায় গেছে, মনে হয়েছে দুই তারকার তিক্ততা কমবে না।

২০১০ সালে সালমান একবার প্রকাশ্যে বলেন– “একমাত্র ঈশ্বরই পারেন আমাদের বন্ধুত্ব ফিরিয়ে দিতে কিন্তু সেটা ঘটছে না।”

এই মনোমালিন্য অবশ্য তার পরে খুব বেশি সময় থাকেনি। ২০১৩ সালের একটি ইফতার পার্টিতে দুই তারকার মিটমাট হয়। তার পর থেকে অবশ্য আর তেমন কিছু ঘটেছে বলে শোনা যায়নি।

শাহরুখ ও সালমানের মধ্যে ভালো বন্ধুত্ব মোটামুটি নব্বই দশক থেকেই, কিন্তু ২০০৮ সালে সেই বন্ধুত্বে ছেদ পড়ে। একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন এর মূল কারণ হল তিনি কিছুতেই ‘সরি’ বলতে পারেন না।

২০০৮ সালে যখন দুই খানের মধ্যে বিবাদ তুঙ্গে তখন সেটাও সংবাদমাধ্যমের সামনে আসে। প্রায় ৫ বছর দুই তারকার মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। এমনকি কোনো ইভেন্টে পরস্পরের সঙ্গে সৌজন্যসূচক কথা বলতেন না।

‘কফি উইথ করণ’-এর সিজন থ্রি-তে এসে শাহরুখ বলেন, “যদি কেউ আমাকে অপছন্দ করে তাহলে আমি তাকে দোষ দিই না। কারণ সেটা তাদের জন্য নয়, সবটাই আমার জন্য। যদি সালমানের আমাকে নিয়ে সমস্যা হয়, তবে তার জন্য ১০০ শতাংশ দায়ী আমি। যদি ফারাহ-র আমাকে নিয়ে সমস্যা হয়, তবে নিশ্চয়ই আমি কোনোভাবে তাকে দুঃখ দিয়েছি… আমার খুব বিষণ্ণ লাগে কাউকে আঘাত দিয়ে থাকলে। কিন্তু মজার ব্যাপার হলো, কীভাবে ‘সরি’ বলতে হয় তা জানা থাকলেও, আমি কিছুতেই সেটা বলে উঠতে পারি না। আর সেটা অন্য কারো দোষ নয়।”

আরও বলেন, “আমি কোনো পুরনো বন্ধুকে জড়িয়ে ধরে বলতে পারি না যে ফিরে এসো। আমি আমার বাবা-মায়ের সঙ্গেও সেটা করে উঠতে পারিনি… সালমান যদি আমার কারণে বিরক্ত হয়ে থাকে, তবে সেটা ওর দিক থেকে ঠিক… যদি আমি ফোনটা তুলে একবার ‘সরি’ বলতে পারতাম। কীভাবে ‘সরি’ বলতে হয় আমি জানি না, আর নতুন করে শেখার জন্য বয়সটা অনেক বেড়ে গিয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত