বিদ্যুৎ বিভাগকে আমফান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ

আপডেট : ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম

বিদ্যুৎ বিভাগকে ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি মুজিব বর্ষেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস যথাসময়ে বাস্তবায়নে পকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশও দেন।  

সোমবার তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি ও পাওয়ার সেলের সঙ্গে চলমান প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম দ্রুততার সঙ্গে করে তাৎক্ষণিকভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮ জন করোনায় আক্রান্ত উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, অফিসস সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সতর্কতার কোনো ঘাটতি থাকা যাবে না। কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ভার্চুয়াল এ সভায় অন্যদের মধ্যে অংশ নেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত