বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের উৎপাদিত শাক-সবজি, দেশীয় ফলমূল, দুধ,ডিম ইত্যাদি পণ্য পরিবহনে ভাড়া কমানো হচ্ছে।
এসব পণ্যের ওপর ২৫% ভাড়া ছাড় এবং সকল প্রকার সার্ভিস চার্জ প্রত্যাহার করে বিদ্যমান ভাড়া সমন্বয় করা হবে।
সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামী ১৯ মে থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ের মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন সেকশন কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে পার্সেল ট্রেন (লাগেজ ভ্যান ট্রেন) চলাচল করছে।
বিজ্ঞপ্তিতে রেলওয়ের বিদ্যমান পার্সেল ভাড়া সমন্বয়ের ফলে কৃষি পণ্যদ্রব্য বাজারমুখী করার পথ প্রশস্ত ও কৃষি অর্থনীতিকে জোরদার করার পাশাপাশি রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ক্রমাগত অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
