‘মেসি-ক্রিস্তিয়ানো নয়, সর্বকালের সেরা রোনালদো’

আপডেট : ১৯ মে ২০২০, ০৮:০১ পিএম

কদিন আগেই টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনহো বলেছিলেন, লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদো- দুজনের চেয়েই অনেক এগিয়ে রোনালদো লুইস নাজারিও ডি লিমা। মরিনহোর চোখে ব্রাজিলিয়ান কিংবদন্তি হচ্ছেন ‘ফেনোমেনন’। এবার রোনালদোরই সতীর্থ রবার্তো কার্লোসও সেই দাবিই জানালেন। তার মতে রোনালদো সর্বকালের সেরা।

এক যুগেরও বেশি সময় ধরে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো মুগ্ধ করে রেখেছেন ফুটবল বিশ্বকে। ফুটবলে এই দুইয়ের আধিপত্যের যুগ শুরুর আগে বলতে গেলে ছিল একজনের দাপট। তিনি ব্রাজিলিয়ান তারকা- রোনালদো।

ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী তারকা ২১ পেরোনোর আগেই বিশ্ব ফুটবল শাসন করতে শুরু করেন। পিএসভি আইন্দোভেন ও বার্সেলোনার হয়ে মাত্র মাত্র ১০৬ ম্যাচেই ১০১ গোলের কীর্তি গড়েছিলেন।

এরপর ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের জার্সিতে দাপিয়ে বেড়িয়েছেন। ৫১৮ ম্যাচে তার গোল সংখ্যা ৩৫২টি। অনেকে বিশ্বাস করেন এ শতাব্দীর শুরু থেকে হাঁটুর ইনজুরি না ভোগালে, এই সংখ্যাটা হতো আরো অনেক বেশি।

সতীর্থ রবার্তো কার্লোস যেমন বিশ্বাস করেন, ‘রোনালদো ফেনোমেনোর মতো আর কেউ হবে না। নেইমার, ক্রিশ্চিয়ানো (রোনালদো) বা মেসি, আমি বলব রোনালদো অদ্বিতীয়।’

এখনকার সময়ের চেয়ে নিজেদের সময়ের ফুটবলকে অনেক কঠিন উল্লেখ করে কার্লোস বলেন, ‘আমি মনেকরি আমাদের প্রজন্মে গোল করা অনেক কঠিন ছিল। এটা তখন আরো শারীরিক খেলা ছিল, আক্রমণভাগের খেলোয়াড়রা অনেক কম সুরক্ষিত ছিল। কিন্তু রোনালদো সব করতে পারতো।’

ইনজুরির পরও বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়েছিলেন রোনালদো (১৫)। ২০১৪ বিশ্বকাপে অবশ্য রেকর্ডটি নতুন করে লিখেন জার্মানির মিরোস্লাভ ক্লোজা (১৬)।

বিশ্বকাপ ট্রফি ছাড়াও রোনালদো ব্রাজিলের হয়ে দুটি কোপা আমেরিকা শিরোপা জেতেন। ১৯৯৪ অলিম্পিকে জয় করেন ব্রোঞ্জ পদক। ক্লাব পর্যায়ে লা লিগা, কোপা দেল রে, উয়েফা কাপের মতো শিরোপা জিতেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত