করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

আপডেট : ২০ মে ২০২০, ০৩:০৬ পিএম

করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষায় নমুনা দিতে গিয়ে ‘দৈনিক বাংলাদেশের খবর’র ফটো সাংবাদিক বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক এম মিজানুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

‘দৈনিক বাংলাদেশের খবর’র স্টাফ রিপোর্টার এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা পরীক্ষায় নমুনা দিতে যান মিজানুর। সেখানে অপেক্ষারত অবস্থায় তিনি অসুস্থ বোধ করেন।

একপর্যায়ে এই ফটো সাংবাদিক অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দীর্ঘক্ষণ সেখানেই পড়েছিলেন তিনি।

পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মিজানুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার নাগাদ দেশে ২৬ হাজার ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।

করোনায় মৃতদের মধ্যে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত