সুপার সাইক্লোন ‘আম্পানের’ আঘাতে রীতিমতো বিধ্বস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। চেনার উপায় নেই খোদ রাজ্যের রাজধানী কলকাতা। সর্বত্র ধ্বংসযজ্ঞের চিহ্ন।
ভয়াবহ এই দুর্যোগে মাঠের রাজনীতির বিরোধ ভুলে শুক্রবার পশ্চিমবঙ্গের দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিজে এসে দেখার অনুরোধ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘মানবিকতার জায়গা থেকে বিষয়টা দেখবেন। এটা নিয়ে রাজনীতি চাই না।’
এই সময় জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খবর আসে শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশপথে ‘আম্পানে’ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোনে ত্রাণ ও বিপর্যয় মোকাবেলা বাবদ অর্থ সাহায্যের কথা জানিয়ে মমতা বলেন, ‘৫০০ দিন পরে টাকা পেলে লাভ নেই। দ্রুত দরকার। কভিড-১৯ এর টাকা এখনো পাইনি। রাজ্যের তহবিলে এমনিতেই টান। তার উপর এই দুর্যোগ।’
এদিকে অভিযোগ উঠেছে, বুধবার ঘূর্ণিঝড়ের দাপটের সময় তো দূরের কথা, রাতে বা পরদিন সকাল পর্যন্তও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মোদি বা শাহের। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে দুপুর ১টা ৫০ মিনিটে টুইট করে মোদি লেখেন, ‘ঘূর্ণিঝড় আম্পানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ছবিতে দেখলাম। কঠিন এই সময়ে গোটা দেশই পশ্চিমবঙ্গের পাশে রয়েছে। রাজ্যের মানুষের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছে দেশ। পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আবার দুপুরের দিকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন জানিয়ে ১টা ৪৬ মিনিটে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
