দুই মাসে পোলট্রি শিল্পে ক্ষতি ২৫ কোটি টাকা!

আপডেট : ২৩ মে ২০২০, ০৮:৫০ এএম

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে টানা ছুটিতে কর্মহীন হয়ে পড়েছে অনেকেই। আর এ কারণে ধস নেমেছে পোলট্রি শিল্পে। গত দুই মাসে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পোলট্রি মালিকদের লোকসান হয়েছে অন্তত ২৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। লাভ ছাড়া পুঁজি ওঠাতে হিমশিম খাচ্ছেন মালিকরা। এজন্য তারা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ব্রয়লার ও লেয়ার রেজিস্ট্রিকৃত-রেজিস্ট্রিবিহীন প্রায় ৫০০টি খামার রয়েছে। পোলট্রি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক জায়গায় ৪ টাকাও বিক্রি হচ্ছে প্রতিটি ডিম। পোলট্রি খাদ্যের কাঁচামাল ৮০ শতাংশ আমদানিনির্ভর হওয়ায় কাঁচামালের সংকট শুরু হয়েছে।

সূত্রে জানা গেছে, পোলট্রি শিল্প বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রেস কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পোলট্রির বিপণন, পরিবহন ও বিক্রিকে অন্যান্য কাঁচামালের সঙ্গে তুলনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে পোলট্রি-ডিম, এক দিন বয়সী মুরগির বাচ্চা, হাঁস-মুরগি ও গবাদিপশুর খাদ্য, দুগ্ধজাত পণ্য, অন্যান্য প্রাণী ও প্রাণিজাত পণ্য, মাছ, মাছের পোনা ও মৎস্য খাদ্য সরকারঘোষিত ছুটিকালীন নিরবচ্ছিন্ন উৎপাদন, পরিবহন ও বিপণন সচল রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সব জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। পোলট্রি মালিকরা অভিযোগ করেন, সরকার পোলট্রি শিল্প বাঁচাতে নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করা হচ্ছে না। লোকজন দোকান খুলতে পারছে না। গাড়ি চলাচলে বিভিন্ন স্থানে বাধা দিচ্ছে। পোলট্রি মুরগি, ডিম ও বাচ্চা বিক্রি করতে পারছেন না খামারিরা। ফলে খামারিরা মুরগির বাচ্চা কিনছেন না। ঢাকায় মুরগির গাড়ি পাঠাতে চাইলে গাড়ির চালক যেতে রাজি হচ্ছেন না। সড়কে চলাচলের সময় খেতে না পারা এবং পুলিশের নানা ধরনের হেনস্তায় চালকরা গাড়ি চালাতে চান না। এ অবস্থায় প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে এ শিল্পে।

কুমিল্লা জেলা পোলট্রি খামার অ্যাসোসিয়েশনের সহসভাপতি খলিলুর রহমান মজুমদার বলেন, দেশের গ্রামীণ অর্থনীতির চাকাকে বেশি করে সচল রাখতে এ শিল্পের বিকল্প নেই।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান বলেন, পোলট্রি মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সহজ শর্তে ঋণ দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত