করোনাকালের যুদ্ধেও ‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ

আপডেট : ২৪ মে ২০২০, ০৬:০৬ এএম

করোনাকালে শুরু থেকেই অসহায়াদের পাশে রয়েছেন ক্রীড়াবিদরা। মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা নিজের প্রিয় স্মারক নিলামে তুলে অর্থও সংগ্রহ করেছেন। তামিম ইকবালও বিভিন্নভাবে অবদান রেখেছেন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদকে কখনো সামনে আসতে দেখা যায়নি।

আসলে ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ এখানেও নিরবেই অবদান রেখে চলেছেন। যা প্রকাশ্যে আনতে চান না তিনি।

শনিবার তামিম ইকবালের ফেইসবুক লাইভ শো-তে এই তথ্য ওঠে আসে। এদিন তামিমের আড্ডার শেষ পর্বে অতিথি ছিলেন মাশরাফী বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। আড্ডায় বিভিন্ন প্রসঙ্গের মাঝে ভক্তদের জন্য মাশরাফীর ব্রেসলেট নিলামে তোলা, মুশফিকের ব্যাটের নিলাম প্রসঙ্গ আসে।

এসময় তামিম বলেন, ‌‘রিয়াদ ভাই, আপনার একটা নাম আছে সবাই জানে- সাইলেন্ট কিলার। আপনি এক্ষেত্রেও সাইলেন্ট। আমি ব্যক্তিগভাবে হয়তো বা কিছু টুকটাক জানি। আপনি অনেক জায়গায় অনেকভাবে সাহায্য করছেন। হয়তো বা আপনি ওটা প্রকাশ করতে চান না। আমি ওটা সম্মান করবো… তারপরও আপনি যদি কিছু বলেন ভালো লাগবে।’

মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফী ভাই, মুফি, তুই (তামিম), সাকিব আরো অনেকেই অনেকভাবে অনেক বড় পরিসরে কাজগুলো করছে। আমি খুশি তোদের জন্য, তোরা এভাবে এগিয়ে এসেছিস। আমার মনে হয় এটা অনেককেই অনুপ্রাণিত করবে। আমি আমার সাধ্যমতো কিছুটা হলেও চেষ্টা করেছি। বাকি আল্লাহর ইচ্ছে…। আমি এই জিনিসটা খুব একটা প্রকাশ করতে চাই না। হয়তো বা ছোট হলেও কিছুটা চেষ্টা করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত