চীনের নতুন আইনের বিরুদ্ধে হংকংয়ে আন্দোলন শুরু

আপডেট : ২৪ মে ২০২০, ০৩:৪০ পিএম

চীনের প্রস্তাবিত ‘ন্যাশনাল সিকিউরিটি ল’র বিরুদ্ধে  আন্দোলন শুরু করেছেন হংকংবাসী। হংকংকে সরাসরি নিয়ন্ত্রণ করার আইনটির বিষয়ে চীনের সংসদে আলোচনা শুরুর পর রবিবারই প্রথম আন্দোলন দেখা গেল আধা স্বায়ত্তশাসিত শহরটিতে।

সামাজিক যোগাযোগমধ্যমে আন্দোলনকারীদের ছবি-ভিডিও দেখা গেছে। হাজার-হাজার মানুষকে ‘পাঁচ দাবি, কম নয়’ বলে স্লোগান দিতে শোনা গেছে। দাবিগুলোর মধ্যে আন্দোলনকারীদের ওপর হংকং পুলিশের নির্মমতার তদন্তের বিষয়টি রয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, সক্রিয় আন্দোলনকারীদের ওপর জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে।

ওয়ান চাই শহরে আন্দোলনকারীরা বারবার রাস্তা অবরোধের চেষ্টা করেন।

নতুন আইনে হংকংয়ে ‘দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতা’ নিষিদ্ধের কথা বলা হয়েছে। চীনের বিরুদ্ধে শহরটির সব ধরনের আন্দোলন প্রতিরোধ করতে মূলত এই পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয়রা আইনটিকে ‘পরাধীনতার শিকলের’ সঙ্গে তুলনা করেছেন।

চীন অবশ্য দাবি করছে, নতুন আইনে হংকংয়ের কোনো স্বাধীনতা খর্ব হবে না। বরং তাদের সামাজিক স্থায়িত্ব আরও বাড়বে।

গত বছর এমনই আরেকটি আইন নিয়ে হংকংয়ের সঙ্গে চীনের সম্পর্ক রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। ওই সময় বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে চীন আইনটি পাস করতে চাইলে প্রতিবাদে ফেটে পড়ে হংকং। কয়েক মাসের টানা আন্দোলনের মুখে পিছু হটে চীন। সেই আন্দোলন পরে গণতন্ত্রের দাবিতে রূপ নেয়।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও তখন সফল হয়নি তারা।

এরপর মোটামুটি সব ঠিক থাকলেও হংকংকে নিয়ন্ত্রণের পরিকল্পনা থেকে সরে আসেনি চীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত