করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আম্পান— এই যুগল দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে পশ্চিমবঙ্গকে। দিন-রাত এক করে কাজ করছে প্রশাসন।
এমন পরিস্থিতিতে অধৈর্য জনগণের উদ্দেশ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বললেন, তিন দিন ঘুমাইনি, কাজ করতে দিন নইলে গুলি করুন।
জি নিউজ জানায়, কাকদ্বীপ পরিদর্শনের পর নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যবাসীকে এই বার্তা-ই দিলেন তিনি।
মমতা বলেন, “সুন্দরবনে মানুষ না খেয়ে দিন-রাত কাটাচ্ছেন, দেখে এলাম। তারা তো অধৈর্য হচ্ছেন না! তাহলে আপনারা কেন ধৈর্য ধরছেন না? আমরা সাধ্যমতো কাজ করছি। আমি ও আমার টিম কেউ ৩ দিন ঘুমাইনি। দিন-রাত এক করে কাজ করছি। সব দলকে বলব, কিছুদিনের জন্য ক্ষান্ত হন। কাজ করতে দিন। পছন্দ না হলে আমাকে গুলি করুন। নইলে আমার মাথা কেটে নিন।”
আরও বলেন, “এটা একটা বড় দুর্যোগ। সময় লাগবেই। করোনার থেকেও ভয়ঙ্কর এটা। জাতীয় বিপর্যয়ের থেকেও বড়। প্রচুর গাছ পড়েছে। তাও যে সে গাছ নয়। মোটা মোটা গাছ পড়েছে। যা এর আগে হয়নি। শুধু উত্তর ২৪ পরগনাতেই ১০ লাখ বাড়ি ভেঙেছে। ৪৫ হাজার বিদ্যুতের খুঁটি ভেঙেছে। এগুলো সব রাতারাতি হয় না।”
১৯৩৭ সালের পর আম্পানই পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দুর্যোগ বলে কাকদ্বীপ যাওয়ার সময় উল্লেখ করেন মমতা।
