একদিনে মৃত্যু ২১, আক্রান্ত রেকর্ড ১৯৭৫

আপডেট : ২৫ মে ২০২০, ০২:৩৯ পিএম

ঈদের দিন সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে ১ হাজার ৯৭৫ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর সোমবার পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫০১ জন। চব্বিশ ঘণ্টায় ৪৩৩ জন মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।

দেশে করোনাভাইরাসে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪১ শতাংশ; সুস্থতার হার ২০.৬১ শতাংশ।

এর আগে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ১ হাজার ৮৭৩ জন, ২৩ মে। আর সর্বোচ্চ ২৮ জন মৃত্যুর রেকর্ডটি হয়েছে ২৪ মে।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণ করা ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন; চট্টগ্রাম বিভাগের ৯ জন এবং রংপুর বিভাগের একজন।

বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে নয়জন, ৬১-৭০ বছরের মধ্যে চারজন, ৭১-৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১-৯০ বছরের মধ্যে আছেন দুজন।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় দেশের ৪৮টি ল্যাবে করোনাভাইরাসের ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়; পরীক্ষা করা হয় ৯ হাজার ৪৫১টি নমুনা।

গত একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ২৮৪ জনকে; ছাড় পেয়েছেন ৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৬৫৩ জন।

চব্বিশ ঘণ্টায় কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৩৮৪ জনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ১১২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫ হাজার ৪০৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত