নেত্রকোনায় পৌর শহরের সাতপাই সওদাগর পাড়া এলাকায় মগড়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শহর আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
সোমবার বিকেল চারটার দিকে বাসার সামনের ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই ব্যক্তি। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
পরে, নদীতে পানি বেশি এবং স্রোত থাকায় ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেয়া হলে তারা এসে চেষ্টা চালিয়ে নিখোঁজের আড়াই ঘণ্টা পর সন্ধ্যায় শহর আলীর মরদেহ উদ্ধার করে।
শহর আলীর ছেলে মনির জানায়, সারাদিন বসে থেকে বিকেলে গোসল করতে নামে তার বাবা। পরে আর উঠে আসেনি। সে আরও জানায় তার বাবা কয়েকদিন পূর্বে একটি মামলায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি আসেন।
পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার জাহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
