সুনামগঞ্জে নতুন করে আরও ৪ পুলিশ সদস্যসহ করোনায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৪, ছাতক উপজেলা ৪জন এবং ধর্মপাশা উপজেলায় ২ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে সোমবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৪ ও ছাতকে ৪ জনের করোনা শনাক্তের কথা জানানো হয় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধর্মপাশার ২ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের আইসোলেশনে নেয়া হচ্ছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে যারাই এসেছিলেন তাদেরও করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে সোমবার সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬১ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৫৮ জন।
ডা. শামস উদ্দিন জানান, এখন পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে এসেছেন ৪৯৪৮ জন। পাশাপাশি কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৪৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন এবং আইসোলেশনে আছেন ৩৯ জন।
