নেত্রকোনার মোহনগঞ্জে ধনু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে সুশীল দাস (৫৫) ও শারমীন (৪৫) নামে নৌকার দুই যাত্রী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের মহব্বত নগর (নয়াবাজার) গ্রামের সামনে ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ শারমীন স্থানীয় মুনু মিয়ার স্ত্রী আর সুশীল দাসের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায়। তিনি দীর্ঘদিন ধরে গাগলাজুর এলাকাতেই বসবাস করতেন।
গাগলাজুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিক আহমেদ জানান, সকালে ইঞ্জিনচালিত নৌকাটি সাতজন যাত্রী নিয়ে চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে পার্শ্ববর্তী লেফশিয়া বাজারে যাচ্ছিল।
পথে নয়া বাজার এলাকায় ধনু নদীতে স্রোতের টানে ডুবে গেলে বাকি পাঁচজন সাঁতরে পাড়ে উঠে যায়, আর ওই দুইজন নিখোঁজ রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ খোঁজাখুঁজি করছে। সেইসাথে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন।
