গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় ওসিসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে। এ সময় ৩/৪টি দোকান ও ১টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে এবং একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত গ্রামবাসী।
মঙ্গলবার দুপুরে বনগ্রাম বাজার ও আইকদিয়া গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরে মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ১২জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদেরকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুকসুদপুর ও কাশিয়ানী সার্কেল-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বনগ্রাম বাজারে স্থানীয় ইউ.পি চেয়ারম্যানের ছেলে আলমগীর মিয়ার ওষুধের দোকানের সামনে মহারাজপুর গ্রামের ইজিবাইক চালক লাবলু খান তার ইজিবাইক রাখাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে বনগ্রাম ও মহারাজপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম বাজারের পাশের গ্রাম আইকদিয়া ও পাইকদিয়া গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এখানে উভয় দলের ২০জন আহত হয়। পুলিশ প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে এলাকার পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
