মাঠের ফুটবলে ফিরতে মুখিয়ে আছেন লিওনেল মেসি। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা হবে অদ্ভুত বিষয়। স্পোর্টস ব্র্যান্ড এডিডাসের ওয়েবসাইটে এ মনোভাবের কথা জানিয়েছেন বার্সেলোনা অধিনায়ক।
মেসির পায়ের জাদু দেখতে মুখিয়ে থাকেন ন্যু ক্যাম্পসহ সারা বিশ্বের ভক্ত-সমর্থকরা। প্রতিপক্ষের সমর্থকরাও মেসিকে সম্মান জানিয়েছেন বহুবার। কিন্তু করোনা পরিস্থিতিতে লা লিগা ফিরলে মাঠে থাকবে না দর্শক। এমন এক চিত্রের কথা মনে করে মেসি বলেছেন, ‘এই মৌসুমটা ফাঁকা মাঠে হবে যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। দল হিসেবে প্রস্তুতি হবে আর দশটা ম্যাচের মতোই। কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে ভক্তদের ছাড়া খেলার জন্য। যেটা আসলে একটু অদ্ভুত। যেকোনো খেলোয়াড়ের জন্য মাঠে গিয়ে এই অবস্থায় মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। মৌসুম একই থাকছে কিন্তু মাঠে দল এবং খেলোয়াড়রা মাঠে এটি ভিন্নভাবে উপভোগ করবে।’ তবে মেসির ফাঁকা মাঠে খেলার অভিজ্ঞতা আগেও হয়েছে। কাতালুনিয়ার স্বাধীনতার বিষয়ে অস্থিরতার সময় ন্যু ক্যাম্পে কোনো দর্শক ছাড়া খেলেছিলেন।
মেসির নেতৃত্বে এই বছর কোপা আমেরিকায় খেলার কথা আর্জেন্টিনার। আর কোপার যৌথ আয়োজক আর্জেন্টিনা ও কলম্বিয়া। করোনাভাইরাসের কারণে সেটিও পিছিয়ে গেছে। সামনের বছরের জুন-জুলাইয়ে হবে। মেসি এই বিষয়টি মেনে নিয়ে বলেন, ‘কোপা স্থগিত হয়ে যাওয়া অবশ্যই বড় একটা হতাশার ব্যাপার। আমি এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে ছিলাম এবার। তবে যে কারণে স্থগিত হয়েছে, সেটা একদমই যুক্তিযুক্ত।’ করোনাভাইরাস সম্পর্কে বলতে গিয়ে মেসি বলেন, ‘অনিশ্চয়তা নিয়ে কাজ করা বা বেঁচে থাকাটা সহজ নয়। বিশেষ করে এমন অজানা পরিস্থিতি মোকাবিলা করাটা কঠিন।’
দর্শক ফিরতে পারে আগামী মৌসুমে!
মেসির কাছে ফাঁকা মাঠে খেলাটা হবে অদ্ভুত। এদিকে মঙ্গলবার স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট ইরেনে লোজানো বলছেন লিগে দর্শক ফিরতে পারে আগামী মৌসুমেই। তার বিশ্বাস ২০২০-২১ মৌসুমে শুরু হলে কিছু বিধিনিষেধ জারি করে দর্শক ফেরানো যেতে পারে মাঠে। একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লোজানো বলেন, ‘দর্শক মাঠে ফেরার বিষয়টি নির্ভর করে মহামারী পরিস্থিতি কোন দিকে যায় সেটির ওপর। সামনের মৌসুম থেকে নির্দিষ্টসংখ্যক দর্শক মাঠে ঢুকতে দেওয়া যেতে পারে।’ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো স্থগিত থাকা মৌসুম শুরু করে ভালোভাবে তা শেষ করা। লোজানোর মতে, মৌসুম শেষ করার জন্য বর্তমানে সবচেয়ে ভালো উপায় দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে স্বাস্থ্যবিধি মেনে দর্শক মাঠে ফেরানোর বিষয়টি তাদের মাথায় আছে বলে জানিয়েছেন।
স্প্যানিশ লিগ শুরু হলে ম্যাচ কী কী বার হবে তা নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী স্প্যানিশ ফেডারেশন চাইছে লিগ শুরু হলে প্রতি সোমবার ও শুক্রবার খেলা চালিয়ে যেতে। আর স্প্যানিশ লিগ প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস চাইছেন প্রতিদিন মাঠে থাকুক খেলা।
