করোনা পরিস্থিতির কারণে বেড়িবাঁধ প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে গেছে। ৯০০ কোটি টাকার দুটি ও ১ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অতিদ্রুত সেগুলোর কাজ শুরু হবে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ টেকসই করা হবে। দুয়েক দিনের মধ্যে সেনাবাহিনী কাজ শুরু করবে। ’৬০-৬২ সালের এ বাঁধ মেরামত করা হচ্ছে। বর্ষা মৌসুমে যাতে আর না ভাঙে সেভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ গতকাল বৃহস্পতিবার পরিদর্শনে এসে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দুপুরে শ্যামনগর উপজেলার কলবাড়ি লঞ্চ পন্টুনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভাঙনকবলিত জায়গায় বেড়িবাঁধ সংস্কারের জন্য মাটি পাওয়া যাচ্ছে না। এ সময় সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জগলুল হায়দার, জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল ও সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
