ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ মানস শাহ। লকডাউনে কাজ না থাকায় পেট চালাতে বিক্রি করেছেন গাড়ি। এমনকি ভাড়া বাড়িও ছেড়ে দিয়েছেন।
সংবাদমাধ্যমকে মানস বলেন, এই লকডাউনে পরিচিত মুখ দিয়ে কিছুই হবে না। তার আগে আমাদের বাঁচতে হবে। পেট চালানোর জন্য টাকার প্রয়োজন।
আরও বলেন, “এ রকম চ্যালেঞ্জিং সময় আমি কোনোদিন দেখিনি। ভীষণ রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমায়। বাঁচার জন্য গাড়ি বেচতে হয়েছে। ভাড়া বাড়িও ছাড়তে হয়েছে। এখন ভাইয়ের সঙ্গে লোখাণ্ডওয়ালাতে রয়েছি।”
বেশ কিছুদিন ধরেই কোনো উপার্জন নেই মানসের। ‘হামারি বাহু সিল্ক’ ধারাবাহিকের প্রযোজকের কাছে টাকা পান তিনি। বললেন, “আমি ২ মে ২০১৯ থেকে শুটিং শুরু করি। ৫ নভেম্বর শেষ করি শুটিং। আমাদের শুধুমাত্র মে-র টাকা দেওয়া হয়। সেপ্টেম্বরে যে টাকাটা পাওয়ার কথা ছিল, সেটা আমরা অক্টোবরে পাই। আর তারপর থেকে একটা টাকাও পাইনি আমরা।”
মানস বললেন, “খুব খারাপ অবস্থা। শুধু আমার জন্য নয়, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন প্রত্যেকের জন্য। আমরা পুরোনো পেমেন্ট পাইনি। নতুন কোসো কাজ হাতে নেই। জানি না আসবে কিনা। অজানা ভবিষ্যৎ এর দিকে চলেছে ইন্ডাস্ট্রি।”
মাসখানেকের মধ্যে কয়েকজন টেলিভিশন অভিনেতার খবর এসেছে ভারতীয় মিডিয়ায়। ধারণা করা হচ্ছে, লকডাউনে কাজ হারিয়ে আত্মঘাতী হয়েছেন তারা।
