স্ত্রীকে নিয়ে ‘তামাশা’র ভিডিও বানাচ্ছেন নোবেল

আপডেট : ২৯ মে ২০২০, ০৬:৫২ পিএম

নিজের গানের ভিডিওতে স্ত্রীকে নিয়ে হাজির হচ্ছেন নোবেল। তার প্রথম মৌলিক গান ‘তামাশা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সালসাবিল মাহমুদ। নোবেল জানিয়েছেন বৃহস্পতিবার সারা দিন নিকেতনে নিজ বাসায় গানটির শুটিং হয়েছে।

স্ত্রীকে মডেল বানানোর কারণ হিসেবে নোবেল জানান ‘করোনা পরিস্থিতির কারণে ছোট পরিসরে নিজ বাসাতেই শুটিং করছি। সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে থেকে এখন মডেল নেওয়া সম্ভব নয়। তা ছাড়া আমার বউ যথেষ্ট সুন্দরী। মিউজিক ভিডিওর মডেল হিসেবে বেশ মানিয়েছে। এতে করে মিউজিক ভিডিওর মডেল খরচটাও বেঁচে গেল।’

‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরী। ভিডিও নির্মাতা নাজমুল হাসান। ৭ জুন নোবেলম্যান ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার কথা আছে।

প্রসঙ্গত, ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। বেশ কিছুদিন ধরেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় রয়েছেন এই গায়ক। প্রথমে বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করেন। অপরদিকে ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন ত্রিপুরার বিলোনিয়ার সুমন পাল। স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত