সংসারে অশান্তি ও নিত্য অভাবের তাড়নায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার একদিন পর মারা গেলেন তিন সন্তানের জনক মো. মোস্তফা (৪০)।
শুক্রবার দুপুরে কুমিল্লা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের পাটোয়ারি বাড়িতে তিনি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
মোস্তফার বাবা আবদুল মান্নান জানান, তার ছেলে কয়েক বছর পূর্বে পার্শ্ববর্তী লামচর ইউনিয়নে বিয়ে করেন। বিয়ের পর থেকে নিত্য অভাবের কারণে সংসারে অশান্তি লেগে থাকত। এছাড়া তার পুত্রবধূ সবসময়ই বাবার বাড়িতে থাকতো চাইত। ঘটনার দিন দুপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে আমার ছেলে বাড়িতে চলে আসে। ওই দিন বেলা সাড়ে ১২টায় ঘরের একটি রুমে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মারাত্মক দগ্ধ হয় সে।
সাথে সাথে আমরা তাকে কুমিল্লা জেনারেল হসপিটালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়। মোস্তফা মিয়া ২ মেয়ে ও ১ ছেলের পিতা।
এ ব্যাপারে মোস্তফা মিয়ার স্ত্রীর সাথে কথা বলা সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রামগঞ্জ থানার এস আই আবদুল হান্নানকে পাঠিয়েছি। তদন্তের পর বলা যাবে কি কারণে এমন ঘটনা ঘটেছে।
