বলিউড সিনেমার জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ। গত ২০ বছরে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। তাদের একজন ওয়াজিদ খান মারা গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৪২ বছর বয়সী এই সংগীত পরিচালক ও গায়ক রবিবার দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। বেশ কয়েক বছর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেইবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার পারলেন না।
তবে চিত্র সমালোচক ও সাংবাদিক ফরিদুন শাহরিয়ার টুইটারে লেখেন, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার।
ওয়াজিদের প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘‘বন্ধু ওয়াজিদ আমাকে ছেড়ে চলে গেছে।’’
প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘‘ওয়াজিদ ভাই, তোমার ওই হাসিটা খুব মিস করব। বড্ড তাড়া ছিল তোমার।’’ গায়িকা সোনা মহাপাত্র ও গায়ক সেলিম মার্চেন্ট, অভিনেতা রণবীর সিং-সহ অনেকেই ওয়াজিদকে স্মরণ করেছেন।
তবলাবাদক উস্তাদ সারফত আলী খানের ছেলে ওয়াজিদ। ভাই সাজিদের সঙ্গে মিলে তেরে নাম, ওয়ান্টেড, দাবাং— বক্সঅফিস-কাঁপানো বহু ছবিতে সুর দিয়েছিলেন তিনি।
