ব্রাজিলে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ জুন ২০২০, ০৩:৪৩ পিএম

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই এখন দেশটির অবস্থান। মৃতের তালিকায় চতুর্থ এখন ব্রাজিল, মারা গেছে ৩০ হাজারের কাছাকাছি মানুষ।

আলজাজিরা জানায়, এমন পরিস্থিতিতে ব্রাজিলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ মিলিয়ন ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ট্রাম্প সরকার। 

রবিবার রাতে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, করোনা প্রতিরোধে ব্রাজিলের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য এই হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহৃত হবে। আক্রান্তদের চিকিৎসাতেও এই প্রতিষেধক কাজে লাগানো হবে। 

করোনা পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের চিকিৎসার জন্য ব্রাজিলে শিগগিরই এক হাজার ভেন্টিলেটর পাঠানো হবে বলেও জানায় হোয়াইট হাউস। 

এদিকে করোনার প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার ওষুধ  হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে চলছে বিস্তর তর্ক বিতর্ক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকদিন আগে এই ওষুধ রোগীদের ওপর পরীক্ষা বন্ধ করার কথা বলেছে। এর পরেই ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম  হাইড্রোক্সিক্লোরোকুইন নিষিদ্ধ করে। তাদের মতে, হাইড্রোক্সিক্লোরোকুইন করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে কি করে না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই ওষুধের কথা বলে আসছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারোও  হাইড্রোক্সিক্লোরোকুইনের ঘোর সমর্থক। 

ম্যালেরিয়া প্রতিরোধক এই ওষুধ দিয়েই করোনাভাইরাস ঠিক করা সম্ভব বলে বিশ্বাস করেন এ দুই নেতা।

বলসেনারো বলেন, তিনি তার ৯৩ বছর বয়সী মায়ের জন্য এক বাক্স  হাইড্রোক্সিক্লোরোকুইন রেখে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত