তিয়ানানমেন স্কয়ারে হত্যাযজ্ঞের স্মরণসভা নিষিদ্ধ হলো হংকংয়ে

আপডেট : ০১ জুন ২০২০, ০৬:৪৭ পিএম

বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে হত্যাযজ্ঞের ঘটনার স্মরণে জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে পুলিশ। গত ৩০ বছরে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার দিকে গুরুত্ব দিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চীনা নিয়ন্ত্রিত অঞ্চলটির কর্তৃপক্ষ জানায়।

গত বছর হংকংয়ে সবচেয়ে বড় জমায়েত ছিল এই স্মরণসভায়। শহরের ভিক্টোরিয়া পার্কে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল এক লাখ ৮০ হাজার মানুষ এসেছিল। 

এ বছর করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে এবং সামাজিক দূরত্ব রক্ষা করে স্মরণসভাটি আহ্বান করেছিল আয়োজকেরা।

বিবিসি জানায়, হংকংয়ের ওপর চীনের আরও কর্তৃত্ব আরোপ করতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এর মধ্য দিয়ে বেইজিংয়ে  তিয়ানানমেন স্কয়ারে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মরণ করতে জড়ো হওয়া একেবারে বন্ধ হয়ে গেল হংকংবাসীর জন্য।

১৯৮৯ সালে ৪ জুন বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলন দমন করতে গিয়ে হত্যাযজ্ঞ চালায় তৎকালীন চীনা সরকার। যেটি তিয়েনানমেন স্কয়ার গণহত্যা হিসেবেও পরিচিত।

চীনা মূলভূখণ্ডের বাইরে হংকং এবং ম্যাকাউ একমাত্র জায়গা যেখানে প্রতিবছর ৪ জুন এই গণহত্যার ঘটনাটি স্মরণ করা হয়।

তবে হংকংয়ের ওপর নতুন আইন কার্যকর এবং এর বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের মধ্যে এই স্মরণ অনুষ্ঠান নিষিদ্ধ করল কর্তৃপক্ষ।

যুক্তরাজ্য নিয়ন্ত্রিত হংকং ১৯৯৭ সালে 'এক দেশ, দুই নীতি'র ভিত্তিতে চীনের কাছে হস্তান্তর হয়। এরপর থেকে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়ে আসছে হংকংবাসীরা। 

অঞ্চলটির গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা লি চিউক ইয়ান বলেন, স্মরণসভার ওপর পুলিশের এই অযৌক্তিক হস্তক্ষেপে বোঝা যাচ্ছে 'এক দেশ, দুই নীতির' অবসান ঘটল। এর মধ্য দিয়ে হংকংয়ের গণতান্ত্রিক অধিকার হরণ করা হলো বলে তার মত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত