আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের শুরু থেকেই আলোচিত নাম নাসিম শাহ। মাত্র ১৭ বছর বয়সী পাকিস্তানি তরুণ পেসার এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। দেশের হয়ে ৪ টেস্ট খেলা তারকা জানিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসিম শাহ বলছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ে স্পেশাল। আমাকে অনেকেই বলেছেন, এই ম্যাচ এক জনকে নায়ক বানাতে পারে। এই ধরনের ম্যাচ তো সব সময়ে হয় না। খুব অল্পই হয়ে থাকে। আমি ভারতের বিরুদ্ধে খেলতে চাই।’
আর সেই সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে উন্মুখ নাসিম, ‘আশা করি যখন সুযোগ আসবে। ভারতের বিপক্ষে ভালো বোলিং করতে পারব। সমর্থকদের নিরাশ করব না।’
‘বিরাট কোহলির জন্য বলতে পারি, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ভয় পাই না। সেরা ব্যাটসম্যানকে বল করা সবসময়ই চ্যালেঞ্জের। তবে এসব লড়াইয়েই তো নিজের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।’ বলেন পাকিস্তানি তরুণ পেসার।
ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। মাত্র ১৬ বছর ৩৫৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এই নজির গড়েছিলেন তিনি। ৪ টেস্টে এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়েছেন তিনি।
