পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল

আপডেট : ০২ জুন ২০২০, ০৬:৫২ এএম

পুলিশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ২৬১ জন নিয়ে বাহিনীটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১২৯। গতকাল সোমবার সকাল পর্যন্ত সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য বিশ্লেষণে আক্রান্তের বিষয়টি জানা গেছে।

জানা গেছে, এর আগে গত ১৬ মে এক দিনে সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৬৫৮ জন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে জানান, সুস্থ হওয়া বেশির ভাগ পুলিশ সদস্য পুনরায় দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়েছেন। পুলিশ সদস্যদের সুস্থ হওয়ার হার ৩৪ দশমিক ৩৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যই বেশি। তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১, এসপি পদমর্যাদার ৮, এএসপি পদমর্যাদার ১৯, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ ও ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জন রয়েছেন। পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে ১ হাজার ২০৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ৫ হাজার ১৬২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৭৬ জন পুলিশ সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত