সিলেটে গ্রেপ্তার মানবপাচার মামলার আসামি রফিকুল

আপডেট : ০২ জুন ২০২০, ১১:৪২ এএম

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গত বছরের ৯ মে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৩৭ জন বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় দায়ের করা ছয়টি মানবপাচার মামলার অন্যতম আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে সোমবার বিকেলে রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওবাইন রাখাইন।

জানান, আসামি রফিকুল ইসলাম মানবপাচার সংক্রান্ত ৬ মামলার আসামি। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার কাঠালীপাড়া গ্রামের মৃত চমক আলীর পুত্র।

রফিকুলের বিরুদ্ধে মামলা করায় বাদীকে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর চেষ্টাও করেছিল মানবপাচার চক্র। এ ব্যাপারে রফিকুলসহ তার ৫ সহযোগীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা হয়।

বিশ্বনাথ উপজেলার নওধার মাঝপাড়া গ্রামের রেজাউল ইসলাম রাজু মামলাটি দায়ের করেছিলেন। এতে প্রধান আসামি করেন রফিকুল ইসলামকে। এ ছাড়া কয়েকজনকে আসামি করা হয়।

এই মামলায় গ্রেপ্তার করা হয় রফিকুলের সহযোগী বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের আবদুল কাদির, রামপাশা গ্রামের আলী হায়দার মহুরী ও নতুন বাজার এলাকার বাসিন্দা আসু মিয়ার পুত্র আবুল কালামকে।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মানবপাচার মামলায় রফিকুলের মেয়ে পিংকি অনন্যা প্রিয়াকেও গ্রেপ্তার করেছিল র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত