করোনা নিয়ে চীনের দেরি করার তথ্য ডব্লিউএইচও থেকে ‘ফাঁস’

আপডেট : ০৩ জুন ২০২০, ০৯:২১ এএম

নভেল করোনাভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য জানাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চীন দেরি করেছে বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে সংবাদ সংস্থা এপি।

সংস্থাটি জানিয়েছে, এই ঘটনার পর ডব্লিউএইচও’র কর্মকর্তারা পর্যন্ত মতবিরোধে জড়িয়ে পড়েন।

এপির দাবি, নভেল করোনাভাইরাসের জিনোম প্রকাশ করতে চীন কমপক্ষে এক সপ্তাহ দেরি করে। অথচ এর আগে দেশটির তিনটি সরকারি ল্যাবে এর জিন নকশা সম্পূর্ণভাবে শেষ হয়।

ডব্লিউএইচও’র অভ্যন্তরীণ একাধিক নথির বরাত দিয়ে এপি লিখেছে, নভেল করোনাভাইরাস নিয়ে চীনের নিয়ন্ত্রিত তথ্য সরবরাহ এবং প্রতিযোগিতাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক কর্মকর্তা দোষারোপ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জিনোম প্রকাশের দুই সপ্তাহ পর রোগীদের বিস্তারিত তথ্য দিতেও চীন দেরি করে। যার কারণে সিদ্ধান্ত নিতে ডব্লিউএইচও’র দেরি হয়।

সংস্থাটির একজন কর্মকর্তা এভাবে নথিতে নিজের অভিযোগ জানিয়েছেন, ‘আমরা নূন্যতম তথ্য নিয়ে আগাচ্ছি। একটা পরিকল্পনা করতে এটা যথেষ্ট নয়।’

এপির এমন তথ্য এর আগে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে আসে। তার আগে মার্কিন প্রশাসন এই দাবি করে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাই দিয়েছেন যে চীনের বিরুদ্ধে তদন্ত করতে চান।

গত ডিসেম্বরে উহান থেকে নতুন ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়ে। এরপর ১১ জানুয়ারি চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জিনোম সিকোয়েন্স পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত