টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। বুধবার সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা নামক স্থানে বিকল হওয়া ট্রাক মেরামতের সময় এই ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা জায়নি।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে সিমেন্টবোঝাই বিকল হওয়া একটি ট্রাক (বগুড়া-ট ১১-০৯৪৩) থামিয়ে হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন।
এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা অপর একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, ট্রাকের মালিক আসলেই নিহতের পরিচয় জানা যাবে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
