করোনা চিকিৎসায় ইবুপ্রফেন ওষুধ নিয়ে আশাবাদী ব্রিটিশ বিজ্ঞানীরা

আপডেট : ০৩ জুন ২০২০, ০৬:১৭ পিএম

করোনা প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টার পাশাপাশি ভাইরাসটিতে আক্রান্তদের চিকিৎসার জন্য  চলছে একের পর এক ওষুধ নিয়ে গবেষণা। 

করোনা চিকিৎসায় ম্যালেরিয়া, ইবোলার ওষুধের পর এবার ব্যথানাশক ওষুধ পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। 

বিবিসি জানায়, ইবুপ্রফেন নামে একটি পেইন কিলার করোনা আক্রান্তদের ওপর প্রয়োগ করে দেখছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। ওষুধটি নিয়ে তারা আশাবাদী।

ইবুপ্রফেন মূলত জ্বর, মাথা ব্যাথা, দাঁতের ব্যাথা, ব্যাক পেইন, বাত, মিন্সট্রুয়াল ক্র্যাম্স এর ব্যাথায় ব্যবহার করা হয়।

লন্ডনের গাইস এবং সেন্ট টমাস হাসপাতাল, কিংস কলেজের  যৌথ এই গবেষণায় আক্রান্তদের চলমান চিকিৎসার পাশাপাশি এই ওষুধ প্রয়োগ করা হবে।

গবেষকদের বিশ্বাস, ব্যথানাশকের পাশাপাশা শ্বাসকষ্টনাশক হিসেবেও কাজ করতে পারে ইবুপ্রফেন। অল্প খরচের এই চিকিৎসায় রোগীকে ভ্যান্টিলেটর নেয়া থেকে বিরত রাখা সম্ভব হবে।

তবে সাধারণ যে ব্যথানাশক ওষুধটি মানুষ কিনে খায় সেটি থেকে বিশেষ ফরমুলেশনের ইবুপ্রফেন নিয়ে তারা কাজ করছেন। 

প্রাণীদের ওপর নিরীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, ইবুপ্রফেনে শ্বাসকষ্ট বন্ধ করা সম্ভব।

গবেষণা দলটির একজন কিংস কলেজ লন্ডনের অধ্যাপক মিতুল মেহতা বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে সেগুলোকে প্রমাণ করার জন্য ট্রায়াল করতে হবে। 

এর আগে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সাড়া পড়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধ ব্যবহারে সমর্থন দেয়ায় নানা বিতর্ক তৈরি হয়।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধটিকে অনুমোদন দেয়নি। ইউরোপের দেশগুলোও হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে কারণ করোনা চিকিৎসায় এই ওষুধের সফলতার প্রমাণ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত