করোনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক এ কে এম মিজানুর রহমান (৫৪) মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার ফোরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউর ব্যবস্থা না থাকায় তাকে ফোরটিস হাসপাতালে পাঠানো হয়। তবে আইসিইউতে নেওয়ার আগেই তিনি মারা যান বলে জানান ফোরটিসের সুপারেন্ডেন্ট ডা. রাসেল আহমেদ চৌধুরী।
মিজানুর রহমান কুমিল্লা নগরীর বজ্রপুর জানুমিয়া মসজিদ রোডের বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের সূর্যনগর। ওই দিন রাত ১০টায় জেলা প্রশাসন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সূর্যনগরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
