আগের ভাড়াতেই পশ্চিমবঙ্গে চালু বেসরকারি বাস

আপডেট : ০৪ জুন ২০২০, ০৯:২০ এএম

ভাড়া বৃদ্ধি-সহ বেশ কিছু দাবিতে এতদিন অনড় থাকলেও বৃহস্পতিবার থেকে আপাতত পুরোনো ভাড়াতেই বাস নামাতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গের সব মালিক সংগঠন। যত আসন, তত যাত্রী— এই নিয়মেই বাস চলবে বলে জানানো হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন জানাচ্ছে, তারা বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে সেবা শুরু করছে।

জয়েন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে ভাড়া বৃদ্ধির কমিটি গঠন, বাস-মালিকদের কর ছাড়, চালকদের জন্য স্বাস্থ্য বিমা-সহ বেশ কিছু দাবি আছে আমাদের। মন্ত্রী বিবেচনার আশ্বাস দেওয়ায় আমরা এখন পুরোনো ভাড়াতেই বাস চালাতে রাজি হয়েছি।’’

তবে বাস-মালিকেরা জানাচ্ছেন, অনেক চালক ও কর্মী বাড়িতে আছেন। ট্রেন না চলায় তারা কীভাবে আসবেন, সেটা বড় প্রশ্ন। সেই সঙ্গে করোনা-আবহে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বাস চালানোর ক্ষেত্রে ভীতিও কাজ করছে অনেকের মধ্যে।

বুধবার কলকাতার সব রুটে সরকারি এসি বাসও চালু হয়েছে বলে জানান পরিবহনমন্ত্রী। লোকাল ট্রেনের অভাব মেটাতে শহরতলির বেশ কিছু রুটে বাস চালাতে শুরু করেছে। এ ছাড়া পরিবহন সংক্রান্ত আরও কিছু ঘোষণা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত