ব্রাভো-হেটমায়ার-পল যাচ্ছেন না

আপডেট : ০৫ জুন ২০২০, ০৬:৩৭ এএম

করোনার পরবর্তীকালের ক্রিকেটে সবার আগে মাঠে ফিরতে যাচ্ছে ইংল্যান্ড ও উইন্ডিজ। আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ক্যারিবীয়রা। কিন্তু সফরে যাবেন না তিন অভিজ্ঞ ক্রিকেটার ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কিমো পল। ক্রিকেট উইন্ডিজ অবশ্য জানিয়ে দিয়েছে, এ সিদ্ধান্তে তারা অখুশি নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দল বিবেচনায় এ ঘটনা কোনো প্রভাব ফেলবে না।

এই সফরের জন্য ক্রিকেটারদের চাপ দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল উইন্ডিজ। সফর নিয়ে খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সচিব ওয়েন লুইস জানিয়েছেন, ‘খেলোয়াড়রা একটু মানসিক চাপে আছে। ওদের অনেক কিছু জলাঞ্জলি দিতে হবে, হোটেল থেকে বের হতে পারবে না। এটা মানসিকভাবে চাপ ফেলবে মনে। এটা মজার কোনো সফর নয়, কিন্তু ওরা সেটা মেনে নিয়েছে।’

দুই ব্যাটসম্যান ব্রাভো ও হেটমায়ার এবং অলরাউন্ডার পল না গেলেও ইংল্যান্ড সফরের জন্য পূর্ণশক্তির দলই পাঠাবে উইন্ডিজ। তিন টেস্টের সিরিজের জন্য যাচ্ছে ২৫ সদস্যের বিশাল এক বহর। এর মধ্যে নিয়মিত খেলোয়াড় আছেন ১৪ জন। স্বাস্থ্যঝুঁকি নিয়ে শঙ্কা থাকায় ১১ জন বিকল্প খেলোয়াড় নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রধান নির্বাচক রজার হারপার এ দল নিয়ে বেশ আশাবাদী, ‘আমি মনে করি দলটি খুব প্রতিযোগিতামূলক হবে। অর্ধেকেরও বেশি খেলোয়াড় গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান টেস্টজয়ী দলে ছিল। তারা সেই জ্ঞান, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে আসবে এবং নতুনদের অনুপ্রেরণা জোগাবে।’

জেসন হোল্ডারের নেতৃত্বে ৮ জুন চার্টার্ড বিমানে ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্রাফোর্ডে দু’সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর এক সপ্তাহ অনুশীলন করবেন তারা। ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই টেস্ট ওল্ড ট্রাফোর্ডে ১৬ ও ২৪ জুলাই থেকে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত